
কলকাতা: পুজোর সময় অতিরিক্ত কাজ করিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না এই অভিযোগে কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে সরব হন তাঁরা।
বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, পুজোর সময় অতিরিক্ত কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দিয়েছিল পুর কর্তৃপক্ষ। সেই আশ্বাসের ভিত্তিতেই তাঁরা অতিরিক্ত দায়িত্ব পালন করেন। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পরেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য টাকা মেলেনি।
দীর্ঘদিন অপেক্ষার পরও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।


