
তিরুবনন্তপুরম:বিনিয়োগের অনুমোদন ও লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া দ্রুত এবং সহজ করার লক্ষ্যে আনা কেরলমের SARAL Keralam Bill ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। প্রস্তাবিত বিলের বিরোধিতা করে ধানজমি ও জলাভূমির সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা পিনারাই বিজয়ন। তাঁর অভিযোগ, এই বিল কার্যকর হলে বহু ধানজমির কৃষিজমি হিসেবে স্বীকৃতি হারানোর আশঙ্কা তৈরি হবে। এর ফলে জমি দখল ও বেহাতের সুযোগ পেতে পারে জমি-মাফিয়ারা। বিলটির নাম ‘সারল’ হলেও তার পরিণতি রাজ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে বলে কটাক্ষ করেন তিনি।
তিরুবনন্তপুরমে বক্তব্য রাখতে গিয়ে বিজয়ন বলেন, কেরলমের বিভিন্ন ক্ষেত্রকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি উপকূলবর্তী এলাকার মানুষের উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। এবার জলাভূমি ও ধানজমি সংক্রান্ত সমস্যাও আলোচনায় উঠে এসেছে। তাঁর আশঙ্কা, প্রস্তাবিত আইনের ফলে বহু ধানজমির চরিত্র বদলে যাওয়ার পথ খুলে যেতে পারে। এতে কৃষিজমি সংরক্ষণের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি জমি দখলকারীদের সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিলের নাম নিয়েও কটাক্ষ করেন বিজয়ন। তাঁর কথায়, ‘সারল’ নাম দেওয়া হলেও এটি কার্যত ‘কারল’ বিলে পরিণত হতে পারে, যার পরিণতি রাজ্যের পক্ষে ক্ষতিকর হবে। এই বিল কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তাঁর অভিযোগ, সরকারের এই পদক্ষেপ কেরলমের নিজস্ব ভৌগোলিক বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিলের প্রশাসনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বিধানসভার স্পিকার নিজেই প্রশ্ন তুলেছিলেন, সংশ্লিষ্ট সিদ্ধান্ত তিন-স্তরের কমিটির মাধ্যমে নেওয়া হবে কি না। কিন্তু তার পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আধিকারিকদের নিয়ে গঠিত কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। বিজয়নের আশঙ্কা, এই ব্যবস্থায় স্থানীয় স্তরের নজরদারি ও কৃষিজমি সংরক্ষণের প্রক্রিয়া দুর্বল হতে পারে। শেষ পর্যন্ত ধানজমি জমি-মাফিয়াদের হাতে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি।
উল্লেখ্য, SARAL-এর পূর্ণরূপ ‘Simplified and Accelerated Regulatory Approvals and Licensing’। কেরলম সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য বিনিয়োগ প্রকল্পের জন্য বিভিন্ন দফতরের অনুমোদন ও লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সরল এবং দ্রুত করা। ২৫ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রকল্পের জন্য জেলা ও রাজ্য স্তরে অনুমোদনের পৃথক ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সরকারের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করাই এই ব্যবস্থার উদ্দেশ্য।
তবে শিল্প ও বিনিয়োগের অনুমোদন দ্রুত করার সরকারি যুক্তির বিপরীতে বিজয়নের আপত্তির কেন্দ্রে রয়েছে জমির চরিত্র, কৃষিজমি সংরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার হাতে থাকবে, সেই প্রশ্ন। বিলের বিধান বাস্তবে ধানজমি ও জলাভূমির সুরক্ষায় কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।


