
পঞ্জাব: অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
শুক্রবার ট্রেন নম্বর ১২৫০৮- এর একাধিক কামরায় আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিক খবর অনুযায়ী, আগুনে অন্তত চারটি কামরা পুড়ে গিয়েছে।
জানা গিয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল কর্মভূমি এক্সপ্রেস।
পঞ্জাবের রাজপুরা স্টেশনের কাছে সরাই বাঞ্জারা এলাকায় আচমকাই ট্রেনের একটি কামরায় আগুন লাগে।
মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি কামরায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং রেলের আধিকারিকেরা।
বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


