
দুর্গাপুর: বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছিল দুটি কচ্ছপ। বৃহস্পতিবার ভোরে এমনই দৃশ্য চোখে পড়ে কাঁকসার মলানদিঘির বিষ্ণুপুরের বাসিন্দা প্রশান্ত লোহারের।
এরপর কচ্ছপ দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন তিনি। বন্যপ্রাণীর প্রতি তাঁর এই দায়িত্ববোধের প্রশংসা করেছেন বনদপ্তরের আধিকারিকরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ির উঠোনে দুটি কচ্ছপ দেখতে পান প্রশান্ত লোহার। এরপর কোনওরকম ক্ষতি না করে কচ্ছপ দুটিকে নিরাপদে উদ্ধার করেন তিনি।
পরে সেগুলিকে নিয়ে বনদপ্তরের অফিসে পৌঁছে যান প্রশান্ত। সেখানে শিবপুর বিট অফিসার পিনাকী ভট্টাচার্যের হাতে কচ্ছপ দুটি তুলে দেন তিনি। কচ্ছপ দুটি ভারতীয় প্রজাতির বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে প্রশান্ত লোহার বলেন, “আমি জোড়া কচ্ছপ পাই। ওদের কোনও ক্ষতি না করে সোজা বনদপ্তরের অফিসে নিয়ে যাই। সেখানে ওই দুটি কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিই।”
তবে কচ্ছপ দুটি কীভাবে তাঁর বাড়ির উঠোনে চলে এল, তা এখনও স্পষ্ট নয়। বন্যপ্রাণী দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগে খুশি বনকর্মীরা।
বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের এমন সচেতনতা পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


