
কলকাতা: আজ কালীপুজো। সকাল থেকেই দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিতে ভক্তদের আনাগোনা শুরু হলেও এখনও পর্যন্ত তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করছেন পুরোহিতরা।
অন্যদিকে, কালীপুজো উপলক্ষে কালীঘাট মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মন্দিরে যাওয়ার বিভিন্ন রাস্তায় বাঁশের ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভক্তদের যাতায়াত।
মন্দিরের সেবায়েতদের বক্তব্য, কালীপুজোর দিনে কালীঘাট মন্দিরে এর আগে এমন কড়া পুলিশি নিরাপত্তা তাঁরা খুব একটা দেখেননি।
চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে নিরাপত্তার পাশাপাশি ভক্তরা যাতে নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করে মা কালীর পুজো দিতে পারেন, সেদিকেও বিশেষ নজর রাখছে পুলিশ প্রশাসন।
কালীপুজোর দিনে নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।


