
জয়নগর: পুরনো বিবাদকে কেন্দ্র করে সাতসকালে প্রতিবেশীদের বিরুদ্ধে নৃশংস হামলার অভিযোগ।
শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)।
সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল আনুমানিক ৭টা নাগাদ আচমকাই আব্দুল রাজ্জাকের উপর চড়াও হয় কয়েকজন প্রতিবেশী।
পরিবারের অভিযোগ, হাতে শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করা হয়।
হামলায় গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
মৃতের পরিবারের দাবি, এই হামলার পিছনে ভেলো শেখ, ভোঁটন শেখ ও রাজু শেখ-সহ কয়েকজনের হাত রয়েছে।
মৃতের স্ত্রী প্রিয়াঙ্কা শেখের অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। কেন এভাবে তাঁর স্বামীকে প্রাণ দিতে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে পরিবার।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আব্দুল রাজ্জাক আগে একটি কাপড় তৈরির কারখানায় কাজ করতেন। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েন।
অভিযোগ, ঘটনার আগের রাতে মদ্যপ অবস্থায় পুরনো সঙ্গী তথা প্রতিবেশী কয়েকজন শ্রমিককে গালিগালাজ করেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
পরিবারের অভিযোগ, রাতের সেই বিবাদের জেরেই পরদিন সকালে প্রতিশোধ নিতে একজোট হয়ে তাঁর উপর হামলা চালানো হয়।
শাবল ও লোহার রড দিয়ে আঘাতের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনার প্রকৃত কারণ ও হামলায় কারা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
সাতসকালে জনবসতিপূর্ণ এলাকায় এমন প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এক রাতের বিবাদ কীভাবে পরদিন সকালে মৃত্যুর কারণ হয়ে উঠল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
একটি সামান্য বিবাদ, আর তার পরিণতি এক যুবকের মৃত্যু – জয়নগরের এই ঘটনায় শোক ও উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।


