
ঝাড়গ্রাম: অবৈধ বালি পাচার, রয়্যালটি ফাঁকি এবং লরিতে অতিরিক্ত বালি বোঝাইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ ও ভূমি দপ্তর।
অবৈধ বালি কারবারে লাগাম টানতে গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়া থানার পুলিশ এবং ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা যৌথভাবে বিশেষ অভিযান চালান।
বেলিয়াবেড়া থানা এলাকার ৯ নম্বর রাজ্য সড়কের যুগডিহা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল ও ভূমি দপ্তরের পদস্থ আধিকারিকরা।
অন্যদিকে, গোপীবল্লভপুর থানার অন্তর্গত আশুই এলাকাতেও একইভাবে অভিযান চালানো হয়।
সেখানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ, থানার আইসি অজয় কুমার সিং ও ব্লক ভূমি দপ্তরের আধিকারিক নলিনীকান্ত হাঁসদা-সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
অভিযান চলাকালীন বিভিন্ন বালি বোঝাই লরি ও ডাম্পার থামিয়ে তল্লাশি চালানো হয়।
গাড়িগুলিতে পরিবহণ করা বালির বৈধ নথিপত্র, সিও (চালান), রয়্যালটি সংক্রান্ত কাগজপত্র সহ বালি বোঝাইয়ের পরিমাণ খতিয়ে দেখেন আধিকারিকরা।
বিশেষ করে নকল সিও ব্যবহার, বালির রয়্যালটি ফাঁকি ও নির্ধারিত সীমার অতিরিক্ত বালি বোঝাইয়ের মতো অনিয়মের বিষয়গুলির উপর নজর দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, সরকারি রাজস্বের ক্ষতি রোধ ও অবৈধ বালি কারবার বন্ধ করতেই এই আকস্মিক যৌথ অভিযান চালানো হয়েছে।
বালি পরিবহণের ক্ষেত্রে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনেও অবৈধ বালি পাচার ও ওভারলোডিং রুখতে এই ধরনের অভিযান ও কড়া নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


