
ঝাড়গ্রাম, ৫ নভেম্বর (হি.স.) : বিজেপি নেতাকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে ফের গ্রেফতার হলেন তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার বিপ্লব গোস্বামী ও তাঁর ভাই পলাশ গোস্বামী। বিনপুরের এক বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর, গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে বুধবার রাতে দুই ভাইকে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ। এলাকায় তাঁরা প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদার ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন বৃহস্পতিবার তাঁদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বিনপুর-১ ব্লক অফিস চত্বরে বিল সংক্রান্ত কাজে গিয়েছিলেন বিপ্লব গোস্বামী ও তাঁর ভাই পলাশ গোস্বামী। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিনপুর-৩ মণ্ডলের বিজেপি সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁকে দেখতে পেয়েই দুই ভাই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত দেবাশিসবাবুকে প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। পরে তিনি লালগড় থানায় গিয়ে বিপ্লব ও পলাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন দুই অভিযুক্ত। সেই সময় বিনপুর থানার দহিজুড়ি এলাকায় বিজেপি কর্মীরা তাঁদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং দু’জনকে উদ্ধার করে। পরে লালগড় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই বিপ্লব গোস্বামী ও তাঁর ভাই পলাশ গোস্বামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিপ্লবের ভাই পলাশ গোস্বামী ঝাড়গ্রাম জেলা পুলিশের একজন কনস্টেবল। তিনি জেলা পুলিশ লাইনে কর্মরত। তাঁর বিরুদ্ধে বালি খাদান থেকে তোলাবাজির একাধিক অভিযোগও রয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলেছেন বিপ্লব গোস্বামী। এর আগেও ২৩ জুলাই বিজেপি বুথ সভাপতির উপর হামলার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল লালগড় থানার পুলিশ। কিছুদিন আগে জামিনে মুক্তি পান বিপ্লব গোস্বামী। বুধবার ফের এক বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগে তাঁদের গ্রেফতারের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্ত পক্ষের আইনজীবী সায়ক ভদ্র বলেন, “এদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আগামী সাত তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।”
এ বিষয়ে ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “আইনের উপরে কেউ নয়। সে যে কোনও নেতা হোক। এবং সে যতই মমতার কাছের হোক কিংবা ঝাড়গ্রাম জেলার যেকোনও বড় নেতার কাছের হোক, আইন সবার জন্য সমান রয়েছে। গোস্বামী বলে কে একজন প্রাক্তন মন্ত্রীর নাকি কোনও ঘনিষ্ঠ, সে অকারণে বিডিও অফিসে গিয়ে আমাদের কর্মীর ওপর হাত লাগাচ্ছে, মারপিট করছে। ওদের মনে রাখা উচিত, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই এখন। নিজে মমতা ব্যানার্জি দিল্লি পালিয়ে গেছেন। সেজন্য আপনারাও যদি ভদ্রভাবে ভালোভাবে বাঁচতে চান, তাহলে গণতন্ত্রের ওপর ভরসা রাখুন এবং বাহুবলী প্রয়োগ ছেড়ে দিন। বিডিও অফিসে গিয়ে মারপিট করবেন, আপনি কে? কে আপনাকে অনুমতি দিয়েছে? এবং কোথাকার কত বড় নবাব হয়েছেন আপনি? সরকারটাকে লুটেপুটে খেয়েছেন গতবারে। মানুষকে শোষণ করেছেন আপনারা। আপনারা হয় ভালো হয়ে বাঁচুন, আর না হলে আপনাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে।”


