
ইসলামপুর: ছটপুজো এগিয়ে আসছে। তার আগে পুকুরের ঘাট পরিষ্কার ও সংস্কারের দাবি জোরালো হচ্ছে ইসলামপুর পৌরসভার ব্লকপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পুকুরের ঘাট। ফলে দৈনন্দিন কাজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান—সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর এই পুকুরেই প্রতিমা নিরঞ্জন করা হয়। পাশাপাশি এলাকার বহু মানুষ দৈনন্দিন প্রয়োজনেও পুকুরটি ব্যবহার করেন। কিন্তু ঘাটের বর্তমান অবস্থা যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি বাসিন্দাদের। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনাও ঘটতে পারে।
এর মধ্যেই সামনে ছটপুজো। এই পুকুরের ঘাটেই প্রতিবছর পুজোর আয়োজন করা হয়। ফলে উৎসবের আগে ঘাট পরিষ্কার করে প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, ঘাটের অবস্থা ঠিক না থাকলে পুজো দিতে আসা মানুষজনকে সমস্যায় পড়তে হবে।
অন্যদিকে, ইসলামপুর পৌরসভার উদ্যোগে পুকুর ও ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই কাজের গতি নিয়ে অসন্তোষ রয়েছে বাসিন্দাদের একাংশের মধ্যে। তাঁদের অভিযোগ, অত্যন্ত ধীরগতিতে চলছে পরিষ্কারের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
যদিও পৌরসভার এক সাফাইকর্মীর দাবি, পরিষ্কারের কাজ চলছে এবং ছটপুজোর আগেই তা সম্পন্ন করা হবে।
তবে বাসিন্দাদের দাবি, শুধু পরিষ্কারের আশ্বাস নয়, পুকুরের ঘাটের প্রয়োজনীয় সংস্কারও দ্রুত করতে হবে। উৎসবের আগে নিরাপদ ও ব্যবহারযোগ্য ঘাট নিশ্চিত করার দিকেই এখন তাকিয়ে রয়েছেন ব্লকপাড়ার মানুষ।


