
নয়াদিল্লি: Indians Killed West Asia War—পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতে গত আট মাসে ২২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই সমুদ্রযানের কর্মী বা নাবিক। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানাল বিদেশ মন্ত্রক। সংঘাতের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। তাঁদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের যোগাযোগও অব্যাহত রয়েছে। সৌদি আরবেও তিন ভারতীয়ের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।
পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এখন নয়াদিল্লির অন্যতম উদ্বেগের বিষয়। জয়সওয়াল জানান, সংশ্লিষ্ট ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তাঁদের সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার।
এ দিন প্যারিসে চলা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর বৈঠক প্রসঙ্গেও ভারতের অবস্থান স্পষ্ট করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর বক্তব্য, সন্ত্রাসে অর্থের জোগান এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ—দুই ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। সন্ত্রাসবাদের সব ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আগামী ৩০ ও ৩১ অক্টোবর আমেরিকার আটলান্টায় অনুষ্ঠিত হতে চলা জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সফরের ফাঁকে কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন তিনি। পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কর্মসূচিও রয়েছে তাঁর। আটলান্টা থেকে জয়শঙ্কর যাবেন অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে। সেখানে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম)। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী। এবারের বৈঠকের মূল ভাবনা—‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারিত্ব ও বিনিয়োগের গতি বৃদ্ধি’।
জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের নীতি ব্যাখ্যা করতে গিয়ে জয়সওয়াল বলেন, দেশের জাতীয় স্বার্থই এ ক্ষেত্রে প্রধান বিবেচ্য। তাঁর বক্তব্য, জ্বালানি কেনার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংস্থাগুলি। সেই সিদ্ধান্তের ক্ষেত্রে বাণিজ্যিক শর্ত, তৎকালীন বাজার পরিস্থিতি এবং সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করা হয়।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সভ্যতাগত সংলাপ মঞ্চের বৈঠক নিয়েও তথ্য দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, প্রচলিত রীতি মেনেই এসসিও-র সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সংলাপ-সহযোগী দেশগুলি এবং এক পর্যবেক্ষককেও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারত-জাপান সহযোগিতার প্রসঙ্গে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জাপানের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ চলছে। অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত-জাপান সম্পর্ক আরও জোরদার করার বৃহত্তর পরিকল্পনার মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


