
নয়াদিল্লি: ইউরোপের দুই দেশে বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক। ফ্রান্স ও ইতালিতে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি পড়ুয়া এবং পর্যটকদেরও স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। বড় জমায়েত ও বিক্ষোভের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্যারিস ও রোমের ভারতীয় দূতাবাস।
বুধবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইউরোপের চলমান অস্থিরতা ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস পৃথক সতর্কবার্তা জারি করেছে। ওই দুই দেশে থাকা ভারতীয়দের দূতাবাসের পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশও মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ কয়েকটি জায়গায় সংঘর্ষের রূপ নিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানে ভারতীয় দূতাবাস নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত সতর্কতা জারি করেছে। বিশেষ করে জনবহুল এলাকা এবং যেখানে বিক্ষোভ চলছে, সেখানে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় জানানো হয়েছে, বিক্ষোভ ও অস্থিরতার কারণে কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে কার্ফু জারি হতে পারে। সড়কপথে যাতায়াত এবং গণপরিবহণ পরিষেবাতেও বিলম্ব বা পরিষেবা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে এবং ফরাসি প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। যাঁরা বিমানে যাতায়াত করবেন, তাঁদের যাত্রার আগে বিমান সংস্থা বা ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে সময়সূচির পরিবর্তন সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে।
ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও বিক্ষোভ ঘিরে অশান্তির খবর সামনে এসেছে। মিলান ও বোলোনিয়া-সহ কয়েকটি শহরে সংঘর্ষের পর রোমের ভারতীয় দূতাবাস সেখানকার নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। বিক্ষোভের স্থান ও জনবহুল এলাকা এড়িয়ে চলা এবং স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মিলানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। বোলোনিয়ায় অশান্তির জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই পরিস্থিতিতে ফ্রান্স ও ইতালিতে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা জরুরি। বিশেষ করে পড়ুয়া ও পর্যটকদের যাতায়াতের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


