E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আর্মেনিয়ায় COP-17 সম্মেলনে ভূপেন্দ্র যাদব

কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নে জাতীয় অগ্রাধিকার ও পর্যাপ্ত আর্থিক সহায়তার উপর জোর, ভারতের ২৩টি জাতীয় লক্ষ্য ও ১৪২টি সূচকের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী

ইয়েরেভান: জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ভারত। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আয়োজিত জীববৈচিত্র্য সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের কনভেনশনের (CBD) ১৭তম সদস্য সম্মেলন বা COP-17-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভারতের জাতীয় বক্তব্য পেশ করে এই বার্তা দেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সম্মেলন আয়োজনের জন্য আর্মেনিয়া সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যে ভূপেন্দ্র যাদব বলেন, কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি দেশের জাতীয় অগ্রাধিকার, নিজস্ব পরিস্থিতি এবং আইনগত ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে উন্নত দেশগুলির কাছ থেকে পর্যাপ্ত ও ধারাবাহিক আর্থিক সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, জীববৈচিত্র্য সংরক্ষণের আন্তর্জাতিক লক্ষ্য পূরণে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জিনগত সম্পদের ডিজিটাল সিকোয়েন্স তথ্য বা ডিএসআই থেকে প্রাপ্ত সুবিধা বণ্টনের ক্ষেত্রেও বহুপাক্ষিক ব্যবস্থাকে সমর্থন করে ভারত। এই ব্যবস্থার অন্তর্ভুক্ত কালি ফান্ডের মাধ্যমে সুবিধা বণ্টনের বিষয়টিও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি সিন্থেটিক বায়োলজি ও জীবসুরক্ষার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক, ঝুঁকির মাত্রা অনুযায়ী এবং সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষে মত দেন তিনি।

ভূপেন্দ্র যাদব জানান, কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামোর লক্ষ্যগুলিকে ভারতের নিজস্ব বাস্তবতার সঙ্গে যুক্ত করে হালনাগাদ জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। সেখানে ২৩টি জাতীয় জীববৈচিত্র্য লক্ষ্য এবং ১৪২টি সূচক নির্ধারণ করা হয়েছে।

সংরক্ষণে ভারতের অগ্রগতির খতিয়ান

সম্মেলনে ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১,১৩৪টি সংরক্ষিত এলাকা, ১০৩টি রামসার স্বীকৃত জলাভূমি, ৫৭টি জীববৈচিত্র্য ঐতিহ্যক্ষেত্র এবং ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এর মধ্যে ১৩টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের কাজের কথাও উল্লেখ করেন তিনি। বিশ্বের সাতটি বৃহৎ বিড়ালজাতীয় প্রাণী এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য বলে জানান মন্ত্রী।

পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে ‘মিশন লাইফ’ এবং ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির গুরুত্বও তুলে ধরেন ভূপেন্দ্র যাদব। তাঁর বক্তব্য, এই উদ্যোগগুলি পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণকে সামাজিক উদ্যোগে পরিণত করতে সাহায্য করছে।

ম্যাংগ্রোভ, জলাভূমি ও মাটির স্বাস্থ্য রক্ষায় একাধিক উদ্যোগ

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতের বিভিন্ন কর্মসূচির কথাও সম্মেলনে তুলে ধরা হয়। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য ‘মিষ্টি’ (MISHTI) প্রকল্প, জলাভূমি সংরক্ষণে ‘অমৃত ধরোহর’ এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখতে ‘সয়েল হেলথ কার্ড’ প্রকল্পের উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি জানান, জীববৈচিত্র্য সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের আইনগত ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। পাশাপাশি স্থানীয় স্তরে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠনের মাধ্যমে বিকেন্দ্রীভূত সুবিধা বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে জীবসম্পদের টেকসই ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং তার সুফল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বক্তব্যের শেষে বহুপাক্ষিক সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভূপেন্দ্র যাদব। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’—এই ভাবনাকে সামনে রেখে কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নে বিশ্বের সব সদস্য দেশের সঙ্গে ভারত কাজ করে যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!