
হাড়োয়া:এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ধুতুরপোতা গ্রামে। সোমবার রাতে নিজের বাড়ি থেকেই কোয়েল মণ্ডল (২১)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাড়োয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েলের সঙ্গে তাঁর স্বামী অর্ণব মণ্ডলের পারিবারিক বিবাদ চলছিল। সোমবার রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নামে। হাড়োয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।


