
মালদা: উন্নয়নের নানা দাবি ও পরিকাঠামো সম্প্রসারণের ছবির মধ্যেও রাস্তার অভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ব্লকপাড়া। অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে ভরসা করতে হয় খাটিয়ার। কাঁধে করে রোগীকে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার এমনই একটি ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে সামনে এসেছে এলাকার দীর্ঘদিনের দুরবস্থা। স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক ধরে একটি চলাচলের উপযুক্ত রাস্তার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক প্রশাসনিক কার্যালয়ের ঠিক উল্টোদিকেই ব্লকপাড়া। এলাকায় প্রায় ১০০টি পরিবারের বসবাস। অথচ সেখানে ঢোকার মতো উপযুক্ত রাস্তা নেই। বাসিন্দাদের অভিযোগ, একসময় যাতায়াতের জন্য রাস্তা থাকলেও বর্তমানে তার বড় অংশ পুকুরের গ্রাসে চলে গিয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতই হয়ে উঠেছে দুর্ভোগের।
রাস্তার অভাবে শুধু সাধারণ যাতায়াত নয়, জরুরি পরিষেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুল্যান্স কিংবা দমকলের গাড়ি এলাকায় ঢুকতে পারে না। সাইকেল ও মোটরবাইক নিয়ে চলাচল করতেও বিপদের আশঙ্কা থাকে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও প্রসূতিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চরম সমস্যার মুখে পড়তে হয়। জরুরি পরিস্থিতিতে রোগীকে খাটিয়ায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হন তাঁরা।
সম্প্রতি এক অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে রাস্তা তৈরির কাজ এগোয়নি বলে অভিযোগ তাঁদের।

ব্লক প্রশাসনিক কার্যালয়ের এত কাছে থাকা সত্ত্বেও কেন এলাকার এই সমস্যা মেটেনি, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, প্রায় ৩০ বছর ধরে একটি স্থায়ী রাস্তা নির্মাণের ব্যবস্থা করা গেল না কেন?
এদিকে, রাস্তা নির্মাণের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় তৃণমূল বিধায়ক মতিবুর রহমান রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, প্রাক্তন তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনকে নিশানা করেছেন তিনি। অন্যদিকে, শাসক শিবিরের তরফে আগের তৃণমূল সরকারের আমলে সমস্যার সমাধান না হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
তবে রাজনৈতিক দোষারোপের বাইরে ব্লকপাড়ার বাসিন্দাদের দাবি স্পষ্ট। তাঁদের প্রয়োজন একটি স্থায়ী ও নিরাপদ রাস্তা, যাতে অসুস্থ রোগীকে আর খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে না হয়। একই সঙ্গে অ্যাম্বুল্যান্স ও দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িও যাতে সহজে এলাকায় পৌঁছতে পারে, সেই ব্যবস্থা দ্রুত করার দাবি জানিয়েছেন তাঁরা।


