
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের শূন্য রাজ্যসভা আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীকে প্রার্থী করেছে বিজেপি। দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর বুধবার তাঁর নাম ঘোষণা করা হয়। আর এই মনোনয়ন ঘিরেই কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস নেতা পবন খেড়া। পুরীর মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারকে আমেরিকা ও ইজরায়েলের প্রভাবাধীন বলে অভিযোগ করেছেন তিনি।
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন খেড়া প্রশ্ন তোলেন, হরদীপ সিং পুরীর সাংসদ হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার সময়ই কেন তাঁকে ফের মনোনীত করা হল না? মাঝখানে এত দীর্ঘ বিরতি কেন তৈরি হল? হঠাৎ করে তড়িঘড়ি তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পিছনে কী কারণ রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কটাক্ষ, “কাকে কে ব্ল্যাকমেল করছে?” পুরীর মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে যে প্রশ্ন তৈরি হয়েছে, কংগ্রেস নেতার বক্তব্যে তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
এর পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন পবন খেড়া। তাঁর দাবি, গোটা সরকার যেন আমেরিকা ও ইজরায়েলের হাতের পুতুল হয়ে কাজ করছে। বিদেশি শক্তির প্রভাব এবং ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, কিছু ছবি দেখিয়ে ভয় দেখানো হচ্ছে এবং সরকার সেই প্রভাবের কাছে নতি স্বীকার করছে বলে মনে হচ্ছে।
কংগ্রেসের তরফে এখন যে অভিযোগগুলি তোলা হচ্ছে, তার থেকেও বড় কোনও তথ্য বা প্রকাশ সামনে এলে সরকার কীভাবে তার মোকাবিলা করবে, সেই প্রশ্নও তোলেন পবন খেড়া। তাঁর বক্তব্য, আরও বড় নাম জড়িয়ে কোনও গুরুতর তথ্য প্রকাশ্যে এলে সরকার তা কতটা সহ্য করতে পারবে, তা নিয়েও সংশয় রয়েছে।
এদিকে, হরদীপ সিং পুরীকে প্রার্থী করার পিছনে রয়েছে মধ্যপ্রদেশের একটি শূন্য রাজ্যসভা আসন। সম্প্রতি ড. এল মুরুগান সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি খালি হয়। নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পুরী বর্তমানে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। তাঁর বর্তমান মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। উত্তরপ্রদেশের নিয়মিত রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
মধ্যপ্রদেশের শূন্য আসনে পুরীকে প্রার্থী করে সেই জল্পনার অবসান ঘটাল বিজেপি নেতৃত্ব। মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কারণে এই আসনে তাঁর জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে কংগ্রেসের প্রশ্ন, পুরীর মনোনয়নের সময় ও সিদ্ধান্তের পিছনে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না।


