
গোঘাট, বৃহস্পতিবার: আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে পুজো পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় গোঘাট থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। গোঘাট থানা এলাকার বিভিন্ন কালীপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি সঞ্জীব দত্ত এবং এলাকার বিভিন্ন কালীপুজো কমিটির সদস্য ও উদ্যোক্তারা। এদিনের বৈঠকে পুজো চলাকালীন শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্রশাসনিক অনুমতি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ওসি সঞ্জীব দত্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, কালীপুজোয় ডিজে সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে যেকোনও অনুষ্ঠান আয়োজনের আগে অবশ্যই থানার অনুমতি নিতে হবে। এছাড়াও মাইক বাজিয়ে পদযাত্রা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পুজো উদ্যোক্তাদের প্রশাসনের সমস্ত নির্দেশ ও নিয়মকানুন মেনে চলার আবেদন জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে কালীপুজো উদ্যাপন এবং সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
এদিনের বৈঠকে প্রশাসনের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে পুজো পরিচালনার বিষয়ে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।


