
কলকাতা: সাতসকালে মহাকরণের পিছনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বহুতলের চারতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত থেকেই ওই বহুতলের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দা ও বহুতলের নিরাপত্তারক্ষীদের নজরে আসে বিষয়টি। তাঁরাই পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
জানা গিয়েছে, আনুমানিক রাত ১২টা নাগাদ আগুন লাগে।
প্রথমে ধোঁয়া দেখা গেলেও পরে আগুন ভয়াবহ আকার ধারণ করে। বহুতলের চারতলায় আগুনের শিখা দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই বহুতলের বাইরে বেরিয়ে আসেন ভিতরে থাকা লোকজন। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
কীভাবে আগুন লাগল ও অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।


