
ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে একের পর এক এলাকা অতিক্রম করে রেলগেট ভেঙে কংসাবতী নদী পার হল একটি হাতি।
হাতিটির গতিবিধি ঘিরে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বর্তমানে হাতিটি চিলগোড়ার জঙ্গলে অবস্থান করছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাতে বারড়াঙ্গা, বেলতলা ও গোবিন্দপুর এলাকা পেরিয়ে রাশুয়ায় পৌঁছয় হাতিটি।
সেখানে টাটানগর – খড়গপুর রেললাইনের একটি গুরুত্বপূর্ণ রেলগেট ভেঙে দেয়। এই ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে। আচমকা হাতির এমন গতিবিধিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
রাশুয়া থেকে বেরিয়ে সাতপাটি ঘাট দিয়ে কংসাবতী নদী পার হয় হাতিটি। এরপর চাঁদড়া ও মানিকপাড়া রেঞ্জের দিকে এগিয়ে কুসুমঘাঁটি বিট এলাকা অতিক্রম করে পৌঁছে যায় চিলগোড়ার জঙ্গলে।
হাতিটির গতিবিধির উপর নজর রাখছে বন দপ্তর। জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে রাতে জঙ্গলের আশপাশে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।


