
দুর্গাপুর: মানুষের খাবার রাখার ফ্রিজেই সংরক্ষণ করা হচ্ছিল কুকুরের খাবার। রান্নাঘরে মিলল বাসি ভাত, পুরনো মসলা, পচা তরকারি। কোথাও চিকেনে ছত্রাক, কোথাও পনিরে ফাঙ্গাস। দুর্গাপুরের মুচিপাড়ায় একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম ও পুলিশের যৌথ অভিযানে এমনই ছবি সামনে এল। অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়তেই হোটেলগুলির খাবারের মান ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযান চলাকালীন হোটেলগুলির রান্নাঘর এবং খাবার সংরক্ষণের জায়গায় তল্লাশি চালান আধিকারিকেরা। সেখানে বহুদিনের পুরনো মসলা, বাসি ভাত, তরকারি, চানা মসলা-সহ নানা ধরনের খাবার ও খাদ্যসামগ্রী পাওয়া যায়। বেশ কিছু খাবারে ছত্রাকও দেখা গিয়েছে। খাবারগুলি কতদিন ধরে মজুত ছিল, তা নিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চান আধিকারিকেরা।
খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের অভিযোগ, খাবারের পাত্রে উৎপাদনের তারিখ বা সংরক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় কোনও ট্যাগ লাগানো ছিল না। ফলে কোন খাবার কবে তৈরি হয়েছে, কতদিন ধরে রাখা হয়েছে, তার নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। এমন খাবার পরিবেশন করা হলে গ্রাহকদের, বিশেষত শিশুদের, অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
তল্লাশিতে আরও একটি বিষয় নজরে আসে আধিকারিকদের। মানুষের খাবার রাখার ফ্রিজেই রাখা হয়েছিল কুকুরের খাবার। এ নিয়ে হোটেলের ম্যানেজারদের সতর্ক করা হয়। খাবার সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানুষের খাবার ও পোষ্য প্রাণীর খাবার সম্পূর্ণ আলাদা জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানান, অভিযানে বাসি, পচা ও পুরনো খাবার উদ্ধার হয়েছে। মানুষের খাবারের সঙ্গে একই ফ্রিজে কুকুরের খাবারও রাখা হয়েছিল। সংশ্লিষ্ট হোটেলগুলিকে খাবার আলাদা করে সংরক্ষণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এই অভিযানের পর মুচিপাড়ার হোটেলগুলিতে খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে নজরদারির দাবি উঠেছে।


