
ওয়াশিংটন: ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের জন্য আমেরিকাকে দায়ী করা যায় না বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ১৯৭৯ সাল থেকেই ইরান আমেরিকার বিরুদ্ধে সংঘাত চালিয়ে আসছে। এই পরিস্থিতি মোকাবিলায় অতীতের মার্কিন নেতৃত্বের ব্যর্থতার জন্য তাঁদের সাহস ও বুদ্ধিমত্তার অভাবকেও দায়ী করেছেন তিনি।
ট্রাম্পের বক্তব্য, “আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি। ১৯৭৯ সাল থেকেই ইরান আমেরিকার বিরুদ্ধে এই সংঘাত চালিয়ে আসছে। আমাদের বহু মানুষকে হত্যা করেছে তারা। হাজার হাজার মার্কিন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।” অতীতের মার্কিন নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, অনেক আগেই এই সমস্যার সমাধান করা উচিত ছিল। কিন্তু তা করার মতো সাহস বা বুদ্ধিমত্তা তাঁদের ছিল না।
অন্যদিকে, ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা নিজেদের জন্য প্রচুর তেল তুলে আনছে। তাঁর দাবি, ভেনেজুয়েলা একদিন সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি অদূর ভবিষ্যতে দেশটি আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের কথায়, সে ক্ষেত্রে প্রেসিডেন্টের পরিবর্তে সেখানে গভর্নর নির্বাচনের ব্যবস্থা হতে পারে। ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই মন্তব্যে ইরান-আমেরিকা সংঘাত এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান—দু’টি বিষয়ই নতুন করে আলোচনায় উঠে এসেছে।


