
মুর্শিদাবাদ: একদিনে রাজ্যে পরপর দু’টি এনকাউন্টারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তের মৃত্যুর ঘটনার পর বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় মূল অভিযুক্ত সামাউল হক। খুনের ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে ধুলিয়ান বাজারের পুরাতন ডাকবাংলা এলাকায় বিজেপি নেতা সুজিত মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় সামাউল শেখকে। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যায় সিআইডির তদন্তকারী দল।
সূত্রের খবর, তদন্তকারী দলে ছিলেন ইন্সপেক্টর অক্ষয় পাল, ইন্সপেক্টর কালেকুজ্জামান ও মুর্শিদাবাদের ডিএস। দুপুর আনুমানিক ২টো ৪৫ মিনিট নাগাদ পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্তের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে জানা গিয়েছে।
অভিযোগ, সেই সময় মুর্শিদাবাদের ডিএসের সরকারি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সামাউল হক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হয় অভিযুক্ত। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। একই দিনে রাজ্যের দুই প্রান্তে পরপর এমন ঘটনার খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।


