
ফরিদাবাদ: কংগ্রেস ও দলের নেতা রাহুল গান্ধীকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুরের সাংসদ ধর্মেন্দ্র প্রধান। হরিয়ানার ফরিদাবাদে বিজেপির ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, কংগ্রেস শুধু আর্থিক দিক থেকেই নয়, রাজনৈতিক ও নৈতিক দিক থেকেও দেউলিয়া হয়ে পড়েছে।
ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, গণতন্ত্র, সংবিধান, সংসদ এবং নির্বাচন কমিশনের উপর থেকেই আস্থা হারিয়েছে কংগ্রেস। তাঁর আরও অভিযোগ, দেশের ক্রমবর্ধমান শক্তি ও অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য কিছু প্রভাবশালী শক্তির মদতে ষড়যন্ত্র চলছে।
ফরিদাবাদের কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশেষ করে যুবসমাজের অংশগ্রহণের কথা উল্লেখ করে তাঁর দাবি, এই বিপুল জনসমর্থন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।


