
ভুবনেশ্বর: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূল অতিক্রম করে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করেছে। তবে বিপদ এখনও কাটেনি। বরং আগামী সময়ে ওড়িশার বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতিবেগ বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি।
বুধবার সকালে ভুবনেশ্বরে আবহাওয়া দফতরের আধিকারিক মনোরমা মহান্তি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উপকূল পেরিয়ে এখন সম্পূর্ণ স্থলভাগের উপর অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী সময়ে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তীব্রতাও বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি এবং নবরংপুর। এই ছয় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলির কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
দক্ষিণ ওড়িশার পাশাপাশি উত্তর ওড়িশার উপকূলবর্তী কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় উপকূলবর্তী এবং দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে সতর্কতা জারি রয়েছে।


