
চুঁচুড়া, ৪ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতির মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কুন্ডুঘাট বড়বাগান এলাকার একটি অলঙ্করণ কারখানা। আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি কারখানার পাশের থিমশিল্পীর দোতলা বাড়িও। বুধবার সন্ধ্যার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানার মালিক থিমশিল্পী কুন্তল মল্লিক। দুর্গাপুজো শেষ হওয়ার পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জার কাজ চলছিল সেখানে। প্লাইবোর্ডের উপর বিভিন্ন নকশা ফুটিয়ে তুলে পুজো উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী থিমের সামগ্রী তৈরি করা হতো। কিন্তু বুধবার সন্ধ্যায় আচমকাই কারখানায় আগুন লাগে।
সেই সময় বাড়িতে ছিলেন কুন্তল মল্লিক ও তাঁর মেয়ে মোনালিসা। হঠাৎ বাড়ির ভিতরে ধোঁয়া দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা ও বাড়ি। পরিস্থিতি বুঝতে পেরে কোনওক্রমে বাড়ি থেকে বেরিয়ে আসেন দু’জনে। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা ও বাড়ির একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তবে ততক্ষণে আগুনে কারখানার সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
উল্লেখ্য, চলতি বছর দুর্গাপুজোয় কলকাতায় কাজ করেছিলেন কুন্তল মল্লিক। এরপর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর জন্য থিম ও মণ্ডপসজ্জার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু আচমকা অগ্নিকাণ্ডে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম এবং পুজোর জন্য তৈরি সমস্ত সামগ্রী আগুনে নষ্ট হয়ে গেল।
কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জগদ্ধাত্রী পুজোর মুখে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন থিমশিল্পী কুন্তল মল্লিক।


