
মুম্বই: বড় পর্দায় এবার ছত্রপতি শিবাজি মহারাজের জীবন ও স্বরাজ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতে চলেছেন ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টি। তাঁকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তৈরি হচ্ছে দুই পর্বের ঐতিহাসিক ছবি ‘দ্য প্রাইড অব ভারত – ছত্রপতি শিবাজি মহারাজ’। ছবিটি পরিচালনা করবেন সন্দীপ সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার ও কৃষ্ণ কুমার। টি-সিরিজ ফিল্মস এবং লেজেন্ড স্টুডিওস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের গোড়ায় ছবির শুটিং শুরু হওয়ার কথা।
শুক্রবার সমাজমাধ্যমে ছবির সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়ে পরিচালক সন্দীপ সিং লেখেন, স্বরাজ কেবল একটি স্বপ্ন ছিল না, ইতিহাসকে গড়ে দেওয়া এক দূরদর্শী ভাবনা। ছত্রপতি শিবাজি মহারাজের অসাধারণ উত্তরাধিকারকে সিনেমার মাধ্যমে শ্রদ্ধা জানানোর সুযোগকে তিনি সম্মানের বলে উল্লেখ করেছেন। এই প্রকল্পে টি-সিরিজ এবং ঋষভ শেট্টির সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
১৭ শতকের মারাঠা শাসক শিবাজি মহারাজের জীবন, সামরিক অভিযান, নেতৃত্ব এবং স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্নকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি। নির্মাতাদের পরিকল্পনা, পরিচিত যুদ্ধ ও বিজয়ের পাশাপাশি তাঁর জীবনের তুলনায় কম আলোচিত অধ্যায়, ব্যক্তিগত আত্মত্যাগ এবং রাষ্ট্র গঠনের লড়াইও পর্দায় তুলে ধরা হবে। সেই কারণেই কাহিনিকে দুটি পর্বে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটির সঙ্গে যুক্ত হওয়ার সূচনায় ঋষভ শেট্টিকে ছত্রপতি শিবাজি মহারাজের একটি শতাব্দীপ্রাচীন চিত্রকর্ম উপহার দেন ভূষণ কুমার। এই ছবিকে ঘিরে তাঁর বক্তব্য, মহারাষ্ট্র ও শিবাজি মহারাজ দেশকে গর্ব করার মতো ঐতিহ্য দিয়েছেন। সেই ঐতিহ্যকে সিনেমার মাধ্যমে নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া চলচ্চিত্র নির্মাতাদের দায়িত্ব বলেই মনে করেন তিনি।
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি বিরমণি ও সন্দীপ সিং। ঋষভ শেট্টির পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন শিব চানানা ও কবীর সদানন্দ। নির্মাতারা জানিয়েছেন, ছবির জন্য বড় পরিসরের শিল্পী ও কলাকুশলী দল গড়ে তোলার প্রস্তুতি চলছে। ভারতীয়দের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিভাদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ছবির প্রাক্-প্রযোজনার কাজ চলছে।
‘কান্তারা’ ছবির মাধ্যমে সর্বভারতীয় দর্শকের কাছে পরিচিতি পাওয়া ঋষভ শেট্টির কেরিয়ারে এই চরিত্র নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, ভারতীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসককে নিয়ে দুই পর্বের এই ছবি নির্মাতাদের কাছেও বড় মাপের উদ্যোগ। শিবাজি মহারাজের সামরিক দক্ষতা, নেতৃত্ব এবং স্বরাজের আদর্শকে কতটা গভীরভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায়, এখন সেদিকেই নজর চলচ্চিত্রপ্রেমীদের।



