
মধ্যপ্রদেশ: জঙ্গলে আহত অবস্থায় উদ্ধার হল ১৯ মাস বয়সি চিতাবাঘের শাবক ‘নির্বা’। মধ্যপ্রদেশের মোরেনা টেরিটোরিয়াল বন বিভাগের অধীন একটি বনাঞ্চলে শাবকটিকে জখম অবস্থায় দেখতে পান বন দফতরের নজরদারি দলের সদস্যরা। পরে রাতেই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় নজরদারি দলের কাছে শাবকটির আহত হওয়ার খবর পৌঁছয়। খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওই রাতেই তাকে উদ্ধার করা হয়। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে চিকিৎসাধীন রয়েছে নির্বা।
তবে কীভাবে শাবকটি আহত হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বন দফতর। আধিকারিকদের দাবি, শাবকটির আঘাত পাওয়ার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কী পরিস্থিতিতে নির্বা আহত হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
শাবকটির শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বন দফতরের তরফে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।


