
খানাকুল: খানাকুল-১ নম্বর ব্লক অফিসে বুধবার তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এলাকা। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অদিতি গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। বিক্ষোভ চলাকালীন ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। পাশাপাশি ‘তৃণমূলের বিডিও হটাও’ স্লোগানও দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভকে কেন্দ্র করে এদিন ব্লক অফিস চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খানাকুল-৫ নম্বর মণ্ডল বিজেপির সভানেত্রী পিয়ালী জানা বিডিও অদিতি গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, খানাকুল-১ নম্বর ব্লকে উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। বিভিন্ন কাজের টেন্ডার করা হচ্ছে না। ফলে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে।
পিয়ালী জানার আরও অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঘিরে যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। শুধু তাই নয়, ব্লকের কর্মী এবং বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গেও বিডিও দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি। বিজেপির এক মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গেও বিডিও খারাপ ব্যবহার করেছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, বর্তমান বিডিওর কাজকর্মে ব্লকের প্রশাসনিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজে নানা সমস্যা তৈরি হচ্ছে। তাঁদের দাবি, এখনও পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলের রাজনৈতিক সংস্কৃতি মেনেই ব্লক প্রশাসন পরিচালিত হচ্ছে। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই এদিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা বিডিও অফিসে বিক্ষোভে শামিল হন। একপর্যায়ে বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ প্রসঙ্গে খানাকুল-১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি গাঙ্গুলি কোনও মন্তব্য করতে চাননি। ফলে বিজেপির এই অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেদিকেই নজর রয়েছে।


