
আলিপুরদুয়ার: নেপালের পর এবার ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে হড়পা বান। এর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের ডুয়ার্স ও অসমের সীমান্তবর্তী এলাকায়।
ভুটানের শিনতাফু হ্রদে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যার খবর সামনে আসতেই সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রণালয়।
সংকোশ নদীতে জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও অসমের ধুবরি জেলার প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, ভুটানের পুনাৎসাংছু নদী অববাহিকায় হিমবাহ হ্রদ ভেঙে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এর জেরে উজানে আকস্মিক বন্যার জল সংকোশ নদীতে প্রবেশ করতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে জল সীমান্তবর্তী এলাকায় পৌঁছতে পারে। ফলে আলিপুরদুয়ার ও অসমের ধুবরি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলের শিনতাফু হিমবাহ হ্রদ ভেঙে বিপুল পরিমাণ জল নেমে আসতে শুরু করেছে। হ্রদ থেকে প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল বেরিয়ে আসার খবরও সামনে এসেছে।
জলের প্রবল স্রোতে লায়া অঞ্চলের গুরুত্বপূর্ণ জংখাগ সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারির খবর মিলেছে।
হিমবাহ হ্রদ ভেঙে বিপুল পরিমাণ জল নেমে আসার এই ঘটনাকে বৈজ্ঞানিক পরিভাষায় গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF বলা হয়।
এই ধরনের বিপর্যয়ে অল্প সময়ের মধ্যে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ফলে নদী সংলগ্ন জনবসতি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।
ভুটানের এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলেও। সংকোশ নদীর জলস্তর বাড়লে আলিপুরদুয়ার জেলার নদী তীরবর্তী এলাকাগুলি বিশেষভাবে প্রভাবিত হতে পারে। একইভাবে অসমের ধুবরি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। জলসম্পদ দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। নদীর জলস্তরের পরিবর্তনের উপর নজরদারি চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফেও থানাগুলিকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে সংকোশ নদী ও তার শাখানদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
নদীর ধারে না যাওয়া, হঠাৎ জলস্তর বেড়ে গেলে নিরাপদ স্থানে সরে যাওয়া ও প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
আগামী কয়েক ঘণ্টায় নদীর জলস্তরের পরিবর্তনের উপরই পরিস্থিতির গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করছে।


