
নয়াদিল্লি: দেশের অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ব্রিটিশ আমলের প্রায় ৯০ বছরের পুরনো বিমান বিধি, ১৯৩৭-এর বদলে নতুন নিয়ম চালুর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন বিধির নাম ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
বিমান পরিবহণের সঙ্গে যুক্ত একাধিক ক্ষেত্রকে নতুন বিধির আওতায় আনা হয়েছে। বিমান তৈরি ও নিবন্ধন থেকে শুরু করে নিরাপত্তার শংসাপত্র, রক্ষণাবেক্ষণ, উড়ান পরিচালনা, বিমানকর্মীদের লাইসেন্স এবং বিমানবন্দরের কাজকর্ম—সব ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ন্ত্রণবিধি থাকবে। দীর্ঘদিনের পুরনো আইনি কাঠামোর পরিবর্তে এই নতুন নিয়মই দেশের অসামরিক বিমান পরিবহণের নিয়ামক কাঠামো হিসেবে কাজ করবে।
বিমানভাড়া নির্ধারণের ক্ষেত্রেও নতুন বিধিতে একাধিক নির্দেশ রয়েছে। নির্ধারিত উড়ান পরিষেবা চালায়, এমন বিমান সংস্থাগুলিকে পরিচালন খরচ-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভাড়া ঠিক করতে হবে। সেই সঙ্গে ভাড়ার বিস্তারিত তথ্য অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র কাছে জমা দিতে হবে।
যাত্রীদের জন্য ভাড়ার তথ্য আরও সহজলভ্য করার উপরেও জোর দেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলিকে নিজেদের ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে টিকিটের ভাড়া প্রকাশ করতে হবে। সংস্থাগুলি যে ভাড়া ধার্য করবে, তার উপর নজরদারি চালিয়ে যাবে ডিজিসিএ।
তবে বিশেষ পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রের হস্তক্ষেপের সুযোগও রাখা হয়েছে। কোনও অস্বাভাবিক পরিস্থিতিতে জনস্বার্থে হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করলে কেন্দ্রীয় সরকার লিখিত নির্দেশ জারি করতে পারবে।
বিমান নিবন্ধন ও শংসাপত্র সংক্রান্ত বিষয়গুলিও নতুন বিধির গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে, বিমান পরিবহণের নিরাপত্তা, পরিচালনা এবং ভাড়া সংক্রান্ত ব্যবস্থাকে একটি নতুন আইনি কাঠামোর মধ্যে আনতেই এই পদক্ষেপ।


