
নয়াদিল্লি : প্রতি পশু থেকে দুধের উৎপাদন বাড়ানো, উন্নত প্রজাতির গবাদি পশুর বিস্তার এবং দুগ্ধচাষিদের আয় বৃদ্ধি—এই তিন লক্ষ্যকে সামনে রেখেই গুজরাটের বনাসকাঁঠায় গড়ে উঠেছে ভারত বভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার। ৩০ অক্টোবর কেন্দ্রটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর সুফল শুধু গুজরাটে সীমাবদ্ধ থাকবে না, দেশের বিভিন্ন প্রান্তের দুগ্ধচাষিরাও উপকৃত হবেন। কাঁকরেজের মতো দেশীয় গবাদি পশুর প্রজাতি সংরক্ষণেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাঁর বক্তব্য।

প্রায় ১২৭ একর জমির উপর গড়ে ওঠা এই কেন্দ্রটি পশু প্রজনন, জিনগত উন্নয়ন এবং আধুনিক প্রজনন প্রযুক্তির উৎকর্ষকেন্দ্র হিসেবে কাজ করবে। ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি ও ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (ET-IVF)-এর মতো উন্নত পদ্ধতির প্রয়োগের মাধ্যমে গবাদি পশুর প্রজাতির উন্নয়নে গতি আনার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রযুক্তির সাহায্যে প্রজাতির উন্নয়নের গতি ১০ থেকে ২০ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। কাঁকরেজ প্রজাতির গবাদি পশুকে কেন্দ্র করে দেশে এই ধরনের প্রথম বিশেষায়িত পরিকাঠামো হিসেবেও কেন্দ্রটির কথা জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর ৩০ ও ৩১ অক্টোবরের গুজরাট সফরকে ঘিরে বনাসকাঁঠায় একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা হতে চলেছে। ৩০ অক্টোবর প্রায় ১০টা ৩০ মিনিটে ১৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি। ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম-কিষান) প্রকল্পের ২৪তম কিস্তির অর্থ ছাড় করবেন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, প্রায় ১৯ হাজার কোটি টাকা দেশের ৯.৩৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।
কৃষিক্ষেত্রে আর্থিক সহায়তার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় সম্পূর্ণ হওয়া ৫২১টি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রায় ৪,৯৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে হিমঘর, কোল্ড চেন, গুদাম, সাইলো, পলি হাউস, গ্রিনহাউস এবং কৃষিপণ্যের প্রাথমিক ও পরবর্তী পর্যায়ের প্রক্রিয়াকরণ কেন্দ্র। ফসল সংরক্ষণ, নষ্ট হওয়ার পরিমাণ কমানো এবং বাজারজাতকরণের সুযোগ বাড়ানোই এই পরিকাঠামোর মূল উদ্দেশ্য।
উচ্চমূল্যের উদ্যানপালন ফসলের উৎপাদন ও বিপণনে উৎসাহ দিতে ১২টি হর্টিকালচার ক্লাস্টারের কাজও শুরু হবে এই কর্মসূচিতে। প্রায় ১.৪৬ লক্ষ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই ক্লাস্টারগুলির মাধ্যমে ১.৩ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছে কেন্দ্র। উত্তর গুজরাটের দুটি ক্লাস্টারে আলু উৎপাদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পশুপালন ও দুগ্ধশিল্পের সঙ্গে কৃষি অর্থনীতির যোগসূত্র আরও মজবুত করতে বনাস ডেয়ারির দুটি বায়ো-সিএনজি প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। থারাড ও রাধনপুরে তৈরি হতে চলা এই কেন্দ্রগুলিতে প্রতিদিন যথাক্রমে ৭৫ ও ১০০ মেট্রিক টন গোবর প্রক্রিয়াকরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সানাদারে আলু প্রক্রিয়াকরণ কারখানার সম্প্রসারণ এবং পালানপুরে অতি উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত দুগ্ধজাত পণ্যের জন্য স্বয়ংক্রিয় সংরক্ষণ ব্যবস্থা চালু করা হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একাধিক পদক্ষেপ রয়েছে সফরসূচিতে। প্রধানমন্ত্রী আহমেদাবাদ-বারাণসী এক্সপ্রেস এবং মেহসানা-বেচরাজি-সাবরমতী মেমু ট্রেনের যাত্রার সূচনা করবেন। এ ছাড়া আহমেদাবাদ মেট্রোর দ্বিতীয় পর্যায়ের বিমানবন্দর সম্প্রসারণ এবং গিফট সিটি পর্যন্ত সংযোগকারী অংশের শিলান্যাস হবে। আহমেদাবাদ-মেহসানা রাজ্য সড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করার প্রকল্পেরও সূচনা হবে।
৩০ অক্টোবর বনাসকাঁঠার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী একতা নগরে যাবেন। সেখানে ভারত পর্ব ২০২৬-এর উদ্বোধন এবং একতা প্রকাশ পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।


