
বসিরহাট: স্বামী- স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাটে।
বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ, অন্যদিকে ঘরের বিছানায় মিলল স্ত্রীর নিথর শরীর।
বাবা-মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে মাত্র ১৫ বছর বয়সেই অসহায় হয়ে পড়ল তাঁদের একমাত্র মেয়ে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম সুদেব গোস্বামী (৬০)। তিনি পেশায় মেডিক্যাল ঠিকাদার ছিলেন।
তাঁর স্ত্রী সোমা গোস্বামীর (৫৫) দেহও বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে। তাঁদের একমাত্র মেয়ের বয়স ১৫ বছর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাবাকে বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন কিশোরী।
এরপর ঘরের ভিতরে গিয়ে বিছানায় মায়ের নিথর দেহ দেখতে পায় সে। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোরী। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে আত্মীয়দের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে স্বামীর মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে স্ত্রীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তিনি বিষাক্ত কোনও পদার্থ খেয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
কী কারণে একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যু, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা নাকি শরিকি বিবাদ কোনও বিষয় এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


