
ঢাকা: আন্তর্জাতিক পোশাকবাজারে বাংলাদেশের অবস্থান এখন শ্রমিক অসন্তোষের চাপে। ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চার দিন ধরে আন্দোলন চালাচ্ছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবারও ঢাকা ও সংলগ্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সংঘর্ষ এবং সড়ক অবরোধের চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করতে হয়েছে। বন্ধ রাখতে হয়েছে একাধিক কারখানাও।
এই আন্দোলনের প্রভাব যে শুধু শ্রমিক-মালিক বিরোধে সীমাবদ্ধ নয়, তা স্পষ্ট হচ্ছে রফতানি শিল্পের পরিস্থিতিতে। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে পোশাকশিল্প থেকে। প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এই ক্ষেত্রটি চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই শিল্পের উপর নির্ভরশীল আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, জ়ারা ও গ্যাপের মতো পরিচিত ব্র্যান্ড।
শ্রমিকদের বক্তব্য, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়েনি। ফলে সংসার চালাতে গিয়ে ক্রমশ সমস্যায় পড়ছেন তাঁরা। বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের মতে, লাগাতার মূল্যস্ফীতি তাঁদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই দাবিকে ঘিরেই শনিবার থেকে আন্দোলনের সূত্রপাত। মঙ্গলবারেও তা থামেনি।
সরকার গত ১ নভেম্বর পোশাকশিল্পের বেতন কাঠামো পর্যালোচনার জন্য ছ’সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু সেই সিদ্ধান্তে শ্রমিকদের অসন্তোষ কমেনি। বরং নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে ঢাকার আশুলিয়া, গাজীপুর এবং রাজধানীর মিরপুর এলাকায়। কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। সংঘর্ষে পুলিশকর্মী-সহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
আশুলিয়ায় বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়লে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মহম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। মিরপুরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে একই ধরনের ব্যবস্থা নেয় পুলিশ। উত্তেজনা সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কারখানা বন্ধের ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আগের দিন প্রায় ৭০০টি কারখানা বন্ধ থাকার পর মঙ্গলবার গাজীপুর ও আশুলিয়ার একাধিক কারখানায় ফের উৎপাদন বন্ধ রাখা হয় অথবা ছুটি ঘোষণা করা হয়। বসন্ত ও গ্রীষ্মের মরসুমের রফতানি অর্ডারের জন্য এখন উৎপাদন বাড়ানোর গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে পণ্য সরবরাহে দেরি হতে পারে। আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য উৎপাদনকেন্দ্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পোশাক রফতানির প্রতিযোগিতায় ভিয়েতনাম ও ভারতের মতো দেশের সঙ্গে লড়াইয়ের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শ্রমিকদের দাবির পাশে আন্তর্জাতিক পোশাক সংস্থাগুলির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। ক্লিন ক্লোদস ক্যাম্পেনের শিল্পবিষয়ক প্রচারক অ্যান বিয়েনিয়াসের বক্তব্য, শ্রমিকদের দাবির সমর্থনে ব্র্যান্ডগুলির অবিলম্বে প্রকাশ্যে কথা বলা প্রয়োজন।
এদিকে, সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছে সুইডেনের পোশাক সংস্থা এইচঅ্যান্ডএম। সংস্থার বক্তব্য, অল্প কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ থাকলেও তাদের সরবরাহ ব্যবস্থায় এখনও বড় ধরনের বিঘ্ন ঘটেনি। উৎপাদন ও সরবরাহের উপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে সংস্থাটি।
কারখানার মালিকদের বক্তব্য, একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ রফতানি বাজারগুলিতেও চাহিদা কিছুটা দুর্বল। এই পরিস্থিতিতে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে রফতানি অর্ডার সময়মতো পূরণ করা কঠিন হবে।
একদিকে জীবনযাত্রার ব্যয়ের চাপে মজুরি বাড়ানোর দাবিতে অনড় শ্রমিকেরা, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তায় উদ্বিগ্ন কারখানা মালিকেরা। এই দুইয়ের টানাপোড়েনে বাংলাদেশের প্রধান রফতানি শিল্প এখন এক কঠিন পরিস্থিতির মুখে।
**সূত্র: রয়টার্স**


