
ব্যান্ডেল: চীনা মাঞ্জার সুতোয় ফের দুর্ঘটনা। সোমবার ব্যান্ডেলের শরৎ সরণিতে ঘুড়ির চীনা মাঞ্জার সুতোয় গলা কেটে গুরুতর জখম হলেন এক বাইক চালক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, আহত বাইক চালকের নাম হারাধন আচার্য। তিনি চুঁচুড়া থেকে বাইক চালিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি তালডাঙা এলাকায় এবং পেশায় তিনি পুরোহিত। শরৎ সরণির জি টি রোডের উপর দিয়ে যাওয়ার সময় রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে থাকা ঘুড়ির সুতো তাঁর নজরে আসেনি। আচমকাই সেই সুতো গলায় জড়িয়ে যায়। ধারালো চীনা মাঞ্জার আঘাতে গলায় গভীর ক্ষত তৈরি হয় এবং রক্তপাত শুরু হয়।
ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পিছনে থাকা এক স্কুটার চালকও দাঁড়িয়ে যান। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক ব্যক্তি রাস্তার উপর পড়ে থাকা চীনা মাঞ্জার সুতোটি সরিয়ে জড়ো করেন। স্থানীয়দের তৎপরতায় আরও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আহত হারাধন আচার্য জানান, ব্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ গলায় টান অনুভব করি। প্রথমে বুঝতে পারিনি কতটা কেটে গিয়েছে। এই সুতোর এত ধার, তা ভাবতেও পারিনি।
অন্যদিকে, ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওই স্কুটার চালক বলেন, মানুষ কবে সচেতন হবে?
উল্লেখ্য, চীনা মাঞ্জার সুতোয় দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচার, নিষিদ্ধ সুতো কেনাবেচার বিরুদ্ধে অভিযান এবং ধরপাকড় চালানো হচ্ছে। তা সত্ত্বেও বারবার এমন দুর্ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের সচেতনতা নিয়ে। ঘুড়ি ওড়ানোর আনন্দ যেন অন্য কারও জীবনে বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বার্তাই দিচ্ছে ব্যান্ডেলের এই ঘটনা।


