
কলকাতা: সোমবার সকালে বিধানসভা ভবনের ভিতরে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উমেশচন্দ্র দাস।
তিনি বিধানসভা ভবনের ক্যান্টিন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে বিধানসভা ভবনের একটি শৌচাগারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


