
ব্যারাকপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে মাত্র দু’ঘণ্টা সময় দিলেই তিনি অভিষেককে বুঝে নিতে পারবেন।
তাঁর দাবি, অভিষেকের মতো কোনও তালিকার প্রয়োজন নেই তাঁর, কারণ কোথায় কী দুর্নীতি হয়েছে, কোথা থেকে কী চুরি হয়েছে ও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে সম্পর্কে তাঁর সব জানা রয়েছে।
অর্জুন সিং আরও দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অপরাধ সংক্রান্ত অভিযোগ সম্পর্কে তাঁর কাছে তথ্য রয়েছে। সেই সমস্ত বিষয় সামনে আনতেও তিনি প্রস্তুত বলে জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর অর্জুন সিংয়ের এই পাল্টা মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
দুই নেতার এই বাগ্যুদ্ধ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


