
আরামবাগ: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির নেতৃত্বে গঠিত হল নতুন বোর্ড। মঙ্গলবার আরামবাগের আরান্ডী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির বিশ্বজিৎ মালিক। তাঁর পক্ষে সমর্থন জানান তৃণমূলের আটজন সদস্য। ফলে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তন দেখা গেল।
১৮ সদস্যের আরান্ডী-২ গ্রাম পঞ্চায়েতে আগে তৃণমূলের ১৩ জন, বিজেপির চারজন এবং সিপিআইএমের একজন সদস্য ছিলেন। পরবর্তীকালে বিজেপির এক সদস্যের মৃত্যু হয়। বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েতের কাজকর্মে অচলাবস্থার অভিযোগ উঠছিল। প্রধান-সহ কয়েকজন সদস্য নিয়মিত পঞ্চায়েতে উপস্থিত না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ।
গত ২৮ সেপ্টেম্বর তৃণমূলের একাংশ সদস্য নিজেদের দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। পরবর্তীকালে পুরনো বোর্ডের পতন ঘটে। এরপর মঙ্গলবার ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজেপির তিন সদস্যের পাশাপাশি তৃণমূলের আটজন সদস্য বিশ্বজিৎ মালিকের পক্ষে সমর্থন জানান। এর জেরেই নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি।
এদিন মামুদপুর থেকে মিছিল করে পঞ্চায়েতে পৌঁছন বিজেপির কর্মী-সমর্থকরা। নবনির্বাচিত প্রধান বিশ্বজিৎ মালিককে সংবর্ধনাও জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্বজিৎ মালিক জানান, সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক করা এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে তাঁরা বিশেষ গুরুত্ব দেবেন।
আরান্ডী-২ গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।


