E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

নিরাপত্তার ঘেরাটোপেও অটুট রবিবারের রীতি, ‘জলসা’-র বাইরে ভক্তদের দিকে হাত নাড়লেন অমিতাভ

মুম্বইয়ে ‘জলসা’-র বাইরে বজায় রইল অভিনেতার দীর্ঘদিনের রবিবারের রীতি, পাশে ছিলেন ছেলে অভিষেক
মুম্বইয়ের জলসার বাইরে বুলেটপ্রুফ সুরক্ষাকবচের ভিতর থেকে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন অমিতাভ বচ্চন
মুম্বইয়ের জলসার বাইরে বুলেটপ্রুফ সুরক্ষাকবচের ভিতর থেকে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন অমিতাভ বচ্চন

মুম্বই : নিরাপত্তার কড়াকড়ি, চারপাশে পুলিশের নজরদারি তার মধ্যেও অনুরাগীদের সঙ্গে দীর্ঘদিনের অভ্যাসে ছেদ পড়ল না বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। রবিবার মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে জড়ো হওয়া ভক্তদের দিকে হাত নাড়লেন তিনি। তবে এ দিনের উপস্থিতিতে ছিল এক উল্লেখযোগ্য পরিবর্তন। বরাবরের মতো বাড়ির বাইরে এসে হাত নাড়লেও এ বার তাঁকে দেখা গেল স্বচ্ছ বুলেটপ্রুফ সুরক্ষাকবচের ভিতর থেকে অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে।

বহু বছর ধরেই প্রতি রবিবার অমিতাভের বাড়ির সামনে ভিড় জমান তাঁর অনুরাগীরা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখা এবং তাঁর হাত নেড়ে সাড়া পাওয়ার আশায় দূরদূরান্ত থেকেও অনেকে আসেন। এই রীতিই পরিচিত ‘সানডে দর্শন’ নামে। সাধারণত বাড়ির বাইরে নির্দিষ্ট উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান অভিনেতা। রবিবারও সেই পরিচিত মুহূর্তের সাক্ষী থাকলেন অনুরাগীরা। কিন্তু এ বার মঞ্চের চারপাশে ছিল স্বচ্ছ সুরক্ষিত আবরণ।

প্রকাশিত ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, উঁচু মঞ্চের তিন দিক ঘিরে রাখা হয়েছে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের মতো একটি আবরণ দিয়ে। তার ভিতরে দাঁড়িয়েই কখনও হাত নেড়ে, কখনও হাত জোড় করে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। এ সময় তাঁর ছেলে অভিষেক বচ্চনও পাশে ছিলেন। বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন পুলিশকর্মীরা।

এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। গত ২৩ অক্টোবর মুম্বই পুলিশের কাছে একটি হুমকিমূলক ইমেলের খবর আসে। ওই ইমেলে অমিতাভের জুহুর বাসভবন ‘জলসা’-সহ মুম্বইয়ের আরও কয়েকটি জায়গায় বিস্ফোরণের হুমকির কথা উল্লেখ করা হয়েছিল বলে জানা গিয়েছে। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ির কাছেও ইমেলটি পাঠানো হয়েছিল বলে জানা গেছে । হুমকির বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট জায়গাগুলিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়। ইমেলের উৎস খুঁজে বের করতে তদন্তও শুরু করে পুলিশ।

এর আগে ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল। সেই ঘটনার পর বলিউডের পরিচিত ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে আলোচনা আরও জোরদার হয়।

তবে ‘জলসা’-র বাইরে বসানো স্বচ্ছ সুরক্ষাকবচটি প্রশাসনের নির্দিষ্ট নির্দেশে, নাকি ব্যক্তিগত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তার এই নতুন বলয়ের মধ্যেও অমিতাভের সঙ্গে অনুরাগীদের রবিবারের দেখা করার রীতি অবশ্য বজায় রইল। দীর্ঘদিনের সেই পরিচিত মুহূর্তে এ বার যুক্ত হল বাড়তি সতর্কতার নতুন ছবি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss