
চণ্ডীগড়: ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মৃতি উত্থাপন করে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার চণ্ডীগড় প্রশাসনের ২৫৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশের দিনক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ১৯৮৪ সালের ১, ২ ও ৩ নভেম্বরের ভয়াবহ দাঙ্গার স্মৃতিবিজড়িত সময়ে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করে কংগ্রেস শিখ সম্প্রদায়ের মানুষের পুরনো ক্ষতে নতুন করে আঘাত করেছে। শুধু দাঙ্গার স্মৃতি নয়, দিল্লির ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা, সংসদে বিরোধীদের আচরণ এবং মহিলা সংরক্ষণ নিয়েও রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি।

১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লিতে সংঘটিত হত্যাকাণ্ডের ভয়াবহতার কথা তুলে ধরে অমিত শাহ বলেন, কংগ্রেসের উস্কানিতে শুরু হওয়া দাঙ্গায় হাজার হাজার শিখকে হত্যা করা হয়েছিল। বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন অসংখ্য মানুষ। বহু শিশু অনাথ হয়, স্বামীহারা হন বহু মহিলা। ধ্বংস হয়ে যায় অসংখ্য পরিবারের ঘরবাড়ি। তাঁর বক্তব্য, এত বছর পেরিয়ে গেলেও সেই দাঙ্গার স্মৃতি শিখ সম্প্রদায়ের মানুষের মনে আজও গভীর ক্ষত হয়ে রয়েছে।
এই প্রসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একটি মন্তব্যও স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দাঙ্গার পরিপ্রেক্ষিতে রাজীব গান্ধী বলেছিলেন, “বড় গাছ পড়লে মাটি কেঁপে ওঠে।” অমিত শাহের কটাক্ষ, হাজার হাজার মানুষের নৃশংস হত্যাকাণ্ডকে এ ভাবে ব্যাখ্যা করার মতো মন্তব্য কেবল কংগ্রেস নেতাদের পক্ষেই সম্ভব।
এর পরেই রাহুল গান্ধীর দিল্লির সমাবেশকে নিশানা করেন শাহ। তাঁর অভিযোগ, ১৯৮৪ সালের দাঙ্গার দিনগুলির সঙ্গে জড়িত ১, ২ ও ৩ নভেম্বরের সময়ে কোনও রাজনৈতিক কর্মসূচি না রাখার জন্য বিজেপির পক্ষ থেকে কংগ্রেসকে অনুরোধ করা হয়েছিল। শিখ সম্প্রদায়ের মা, বোন ও শিশুদের আবেগে আঘাত লাগতে পারে—এই আশঙ্কার কথাও জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। কিন্তু কংগ্রেস সেই অনুরোধে কর্ণপাত করেনি। শাহের অভিযোগ, বিদেশ থেকে নির্দেশ এসেছিল বলেই হাজার হাজার শিখকে পুড়িয়ে মারার দিনেই সভা আয়োজনের সিদ্ধান্তে অনড় থেকেছে কংগ্রেস।
সমাবেশের দিনক্ষণ নিয়ে আপত্তির প্রসঙ্গে দিল্লির ব্যবসায়ীদের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দিল্লির ব্যবসায়ীরা কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন, দীপাবলির পরে যেন সমাবেশ করা হয়। কারণ, সারা বছরে এই উৎসবের সময়টুকুই তাঁদের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। মিষ্টি ও বাজি মজুত করার পর তা বিক্রি না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে—এই আশঙ্কার কথাও তাঁরা জানিয়েছিলেন। শাহের বক্তব্য, ব্যবসায়ীরা তিনবার সাংবাদিক বৈঠক করেছেন, চিঠি লিখেছেন এবং বারবার আবেদন জানিয়েছেন। তা সত্ত্বেও কংগ্রেস ওই দিনেই সভা করার সিদ্ধান্তে অনড় থেকেছে।
এই প্রসঙ্গেই কংগ্রেসকে কটাক্ষ করে শাহ বলেন, দিল্লির ছোট ব্যবসায়ীরাই গত তিনটি নির্বাচনে কংগ্রেসকে একটি আসনও জিততে দেননি। আগামী তিনটি নির্বাচনেও দলটি কোনও আসনে জয় পাবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, মিথ্যা প্রচার, বিশৃঙ্খলা সৃষ্টি, নেতিবাচকতা ছড়ানো এবং সংসদের কাজকর্মে বাধা দেওয়াই যদি কংগ্রেসের রাজনৈতিক চরিত্র হয়ে থাকে, তা হলে আরও পাঁচ বছর বিরোধী আসনে থাকার জন্য দলটিকে প্রস্তুত থাকতে হবে।
এ দিনের ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন অমিত শাহ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং তিন তালাক প্রথা বিলোপের কথা উল্লেখ করেন তিনি। নকশালবাদের অবসানের বিষয়টিও সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মাদক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ টেনে তাঁর ঘোষণা, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাব-সহ গোটা দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।
মহিলা সংরক্ষণ নিয়েও রাহুল গান্ধীকে আক্রমণ করেন শাহ। তাঁর অভিযোগ, সংসদের কাজকর্মে বাধা দিয়ে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার পথে প্রতিবন্ধকতা তৈরি করছেন রাহুল গান্ধী। পাল্টা আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশের মহিলারা ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন। দেশের নারীশক্তিকে এই অধিকার দেওয়ার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
শুধু দাঙ্গার স্মৃতি উত্থাপন নয়, ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন অমিত শাহ। তাঁর দাবি, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দাঙ্গা সংক্রান্ত মামলাগুলি পুনরায় খোলা হয়। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের জেলে পাঠানো হয়। শাহের বক্তব্য, কোনও রাজনৈতিক দলের উস্কানিতে এ ধরনের দাঙ্গার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন।
গুরুদের পবিত্র ভূমি থেকে কংগ্রেসের এই উদ্যোগের তীব্র নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮৪ সালের হত্যাকাণ্ডের স্মৃতি ভারত ও পঞ্জাব কোনও দিন ভুলতে পারবে না। তাঁর বক্তব্যে একদিকে যেমন ১৯৮৪ সালের দাঙ্গা ও দিল্লির সমাবেশের দিনক্ষণ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, অন্যদিকে সংসদীয় আচরণ, মহিলা সংরক্ষণ এবং মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যের কথাও তুলে ধরেছেন তিনি।


