
কলকাতা: সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আকাশ সরকার নামে এক যুবককে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। সোমবার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাধিক বিজেপি নেতাকে নিয়েও ভুয়ো তথ্য ছড়ানো এবং কুরুচিকর মন্তব্য করে পোস্ট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ধৃত যুবকের বিভিন্ন পোস্টকে কেন্দ্র করেই অভিযোগ সামনে আসে। শুধু সাম্প্রতিক পোস্ট নয়, এর আগেও শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতাকে নিশানা করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে।
কী উদ্দেশ্যে ওই ধরনের পোস্ট করা হত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পোস্টগুলির বিষয়বস্তু, সেগুলি প্রকাশের সময় এবং বর্তমান অভিযোগের সঙ্গে আগের পোস্টগুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত যুবকের পোস্টের নেপথ্যে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য বা অন্য কারও ভূমিকা ছিল কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে নাগেরবাজার থানার পুলিশ। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।


