
খাদ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বুধবার আরামবাগের তালতলা বাজারে বিভিন্ন দোকানে পরিদর্শন চালাল আরামবাগ থানার পুলিশ। খাবার, মুদিখানা ও ফলের দোকানে গিয়ে দোকানদার এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। দোকানদারদের সঠিক দাম নেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন ব্যবসায়ী আনিসুল আলম চৌধুরী, ভরত গুপ্ত ও অরুণ কুমার দে তাঁদের দোকানের পণ্যের গুণগত মান বজায় রাখার কথা জানান। ক্রেতারাও পুলিশের কাছে নিজেদের মতামত তুলে ধরেন। তবে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অত্যধিক দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ক্রেতা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই বিভিন্ন সামগ্রীর দাম বাড়ছে। দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।


