
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর মাত্র দু’মাসের মাথায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর পুটিমারি ডাঙাপাড়া এলাকায়। মৃতার নাম অঞ্জলী রায়। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঞ্জলী রায়ের স্বামীর। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতেই নিজের ঘরে তাঁর মৃত্যু হয়। সকালে দীর্ঘক্ষণ ঘরের বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর তাঁর ছেলে ও প্রতিবেশীরা ঘরে গিয়ে অঞ্জলী রায়ের নিথর দেহ দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অঞ্জলী রায়ের এক ছেলে ও এক মেয়ে ছিল। কয়েক বছর আগেই তাঁদের মেয়ের মৃত্যু হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরপর স্বামী ও মাকে হারিয়ে বর্তমানে পরিবারের একমাত্র ছেলে অসহায় হয়ে পড়েছেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


