
আরামবাগ: ভাইফোঁটার পবিত্র লগ্নে আরামবাগে ধরা পড়ল এক আবেগঘন সম্প্রীতির ছবি। ধর্মের বেড়াজাল পেরিয়ে ভাই-বোনের ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল আরামবাগ।
আজ ভাইফোঁটার পূর্ণ লগ্নে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের কপালে ভাইফোঁটা দিতে দূর থেকে ছুটে এলেন এক সংখ্যালঘু বোন। স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে বিধায়কের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা জানান তিনি। এই বিশেষ মুহূর্তে ধরা পড়ে এক আবেগঘন পরিবেশ।
ধর্মীয় পরিচয় যে মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্পর্কের মাঝে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেই বার্তাই যেন ফুটে উঠল এই ভাইফোঁটার অনুষ্ঠানে। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল এই মুহূর্ত।
আমাদের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ইতিমধ্যেই বিশেষ তাৎপর্য বহন করছে। উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনই যে বাংলার অন্যতম ঐতিহ্য, আরামবাগের এই ভাইফোঁটার ছবি যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।


