
ইসলামপুর: শিলিগুড়ি থেকে মালদার দিকে যাওয়ার পথে ইসলামপুর বাইপাসে পথ দুর্ঘটনা। তেলিভিটা সংলগ্ন জাতীয় সড়কের ফ্লাইওভারের উপর দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভারের উপর আচমকাই বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা প্রথমে বুঝতে পারেননি কেউই। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেখানে এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শিলিগুড়ির দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে ও কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।


