
জাঙ্গিপাড়া: দুর্গাবেদী নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়াল হুগলির জাঙ্গিপাড়ার সীতাপুর বাজার এলাকায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু ছবি ও দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনা প্রসঙ্গে জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্গাবেদী নির্মাণকে কেন্দ্র করে কীভাবে এই বিবাদের সূত্রপাত, তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। ঘটনার পর নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, সেদিকে নজর রাখছে পুলিশ।


