
তমলুক: কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তমলুকে এসে রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত বছর মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন, “যার নির্দেশে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছিল, মহালয়ার আগের দিন তাকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন, মা কালীর শক্তি চোখে দেখা যায় না, তা অনুভব করতে হয়। নির্বাচনের আগে তিনি মা কালীর কাছে প্রণাম করেছিলেন ও সেদিনই দেবীর আশীর্বাদ পেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিন রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবুজ বাজি ফাটানোর পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব উদযাপনের আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের শিল্প ও বাণিজ্যের উন্নয়নের বার্তাও দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে আরও শিল্প আসুক, বাণিজ্যের প্রসার ঘটুক। এর ফলে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও ভয়ের পরিবেশ পাকাপাকিভাবে দূর করার আশ্বাস দেন তিনি।
রাজ্যবাসীর জীবনে উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি আলোর রোশনাই পৌঁছে দেওয়ার বার্তা দিয়েই এদিনের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।


