
দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। এই ঘটনায় দুই যুবককে আটক করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।

পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক, মোবাইল ফোন সহ নগদ ৯০০ টাকা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার প্রাণসাগর এলাকার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভাঁদ্রা বিওপির জওয়ানরা ওই এলাকায় নজরদারি শুরু করেন। সেই সময় একটি মোটরবাইকে করে দুই যুবককে যেতে দেখে তাঁদের পথ আটকান জওয়ানরা। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।
প্রাথমিকভাবে অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল।
এরপর দুই যুবককে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
ধৃতদের নাম শুভজিৎ সরকার (৩২)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। অপর ধৃত সৌরভ বর্মন (২৬), তাঁর বাড়ি বিহারের কিশানগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বিএসএফের কাছ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
শনিবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও পাচারচক্রের পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


