
ডায়মন্ড হারবার: জন্মদিনের রাতেই তুমুল উত্তেজনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে।
অভিযোগ, জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনুগামী ও সমর্থকেরা। সেই সময় একদল বহিরাগত সেখানে এসে গোলমাল পাকায়। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমশ সংঘর্ষের রূপ নেয়। রাতভর দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। হামলারও অভিযোগ তুলেছেন অভিষেক।
অভিষেকের দাবি, তাঁকে খুনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল।
তাঁর কথায়, কর্মী-সমর্থকেরা পাশে না থাকলে প্রাণে বাঁচা কঠিন হত। এই ঘটনায় সরাসরি বিজেপি ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, “আজ পরিকল্পিতভাবে এরা হত্যা করার জন্য এসেছিল।
হামলা করে অফিস ভেঙে আমাকে প্রাণে মারার চক্রান্ত করা হয়েছে। পুলিশকেও মারধর করা হয়েছে। কারও চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। এত বড় বড় পাথর ও আধলা ইট ছুড়ে মারা হয়েছে। পুরো ঘটনাটাই পুলিশের সামনে হয়েছে।”
এর পাশাপাশি অতীতের কয়েকটি ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, তাঁর উপর এটি প্রথম হামলা নয়।
অন্যদিকে, অভিষেকের এই অভিযোগের পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ডায়লগ। মানুষ যখন হেরে যায়, যখন পায়ের তলা থেকে মাটি সরে যায়, তখন মানুষ এমন কথা বলে।”


