
হুগলি: জাঙ্গিপাড়ার রেল যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং নতুন রেলপথ চালুর সম্ভাবনা নিয়ে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ।
এদিন ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করে জাঙ্গিপাড়ার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন বিধায়ক। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নতুন রেলপথ স্থাপন এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
বিধায়ক প্রসেনজিৎ বাগ জানান, জাঙ্গিপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন রেলপথ চালুর সম্ভাবনা বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে পারে। পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।
তিনি আশা প্রকাশ করেন, ডিআরএমের সঙ্গে এই আলোচনার মাধ্যমে আগামী দিনে জাঙ্গিপাড়ার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
জাঙ্গিপাড়ার উন্নয়ন এবং এলাকার মানুষের স্বার্থে রেল পরিষেবার মানোন্নয়নের দাবিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বিধায়ক প্রসেনজিৎ বাগ।


