
ঝাড়গ্রাম: আলোর উৎসবে মেতেছে গোটা বাংলা। কালীপুজোকে ঘিরে ঝাড়গ্রাম শহরও সেজে উঠেছে বর্ণিল আলোকসজ্জায়। বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হলো ঝাড়গ্রাম জেলা পুলিশ।


উৎসবের আনন্দে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন কালীপুজো মণ্ডপ পরিদর্শন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ। পরিদর্শনকালে পুলিশ আধিকারিকরা মণ্ডপের প্রবেশ ও প্রস্থান পথ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা প বৈদ্যুতিক সংযোগ -সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি পুজো কমিটিগুলির প্রস্তুতি ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করা হয়।
কালীপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা ও প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে।
জেলা পুলিশের এই আগাম তৎপরতায় স্পষ্ট, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নির্বিঘ্নে কালীপুজো উপভোগ করতে পারেন শহরবাসী ও দর্শনার্থীরা, সেই লক্ষ্যেই নিরাপত্তার কড়া নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।


