
পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় বিধায়ক শুভাশিস ওম সহ বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বিধায়ক শুভাশিস ওমের অভিযোগ, এলাকায় দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে ও তাঁর অনুগামীদের উপর হামলা চালানো হয়েছে। স্থানীয় বাজার ও দোকান থেকে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগও তুলেছেন তিনি। এর পিছনে দলের কয়েকজন নেতার মদত রয়েছে বলেও তাঁর দাবি।
অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।


